ভাইরাল ‘জুলাই যোদ্ধা’র অনুদান চিঠি নিয়ে যা জানা গেল

Share

ভাইরাল ‘জুলাই যোদ্ধা’র অনুদান চিঠি নিয়ে যা জানা গেল

• এ ব্যাপারে জানে না সংগঠনটির কেন্দ্রীয় নেতারা
• বৈষম্য বিরোধী নেতারা বলছেন এরা ‘ভূয়া’
• চিঠি পায়নি ইউএনও অফিস

মাসুদ রানা

ঈদ-উল-আজহা উপলক্ষে ‘ওয়ারিয়রস অব জুলাই’ সংগঠনের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে আর্থিক অনুদান চেয়ে পাঠানো একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি দাবি করেছে, এমন কোনো সিদ্ধান্ত তারা নেয়নি এবং দিনাজপুরের সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলার অন্তত পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা বলেছেন, তারা এমন কোন চিঠি পান নাই।

চিঠির কপিতে দেখা যায়, ‘ওয়ারিয়রস অব জুলাই’ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব মোস্তফা শাকিলের যৌথ স্বাক্ষরে খানসামা, বীরগঞ্জ, চিরিরবন্দর, ঘোড়াঘাট ও পার্বতীপুর উপজেলার ইউএনওদের উদ্দেশ্যে লেখা হয়েছে: “জুলাই যোদ্ধাগণ আপনার নিকট আবেদন করিতেছি যে, আমাদের ঈদ ভালভাবে যেন করিতে পারি তাহার জন্য আপনার নিকট আর্থিক অনুদান চাহিয়া আবেদন করিতেছি… জুলাই যোদ্ধাগণকে আর্থিক অনুদান প্রদান করিয়া বাধিত করিবেন।”

চিঠিতে ঢাকার বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারকে সংগঠনের কেন্দ্রীয় অফিস হিসেবে উল্লেখ করা হয়। তবে এই উদ্যোগ যে কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়, তা নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক। ফেসবুকে চিঠিটি ভাইরাল হওয়ার পর মোবাইলে যোগাযোগ করলে ফরহাদ হোসেন নিজেকে দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক পরিচয় দেন। তিনি বলেন, “২০২৪ সালে যারা আহত হয়েছেন, তাদের ঈদ সহায়তা দেওয়ার জন্য ইউএনওদের কাছে আবেদন করেছি। কেন্দ্র থেকে নির্দেশনা আসেনি, আমরা জেলা পর্যায়ে নিজেরা উদ্যোগ নিয়েছি।”

এ নিয়ে ‘ওয়ারিয়রস অব জুলাই’ কেন্দ্রীয় কমিটি ফেসবুক পেজে এক কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করে। সেখানে আহ্বায়ক আবু বকর সিদ্দীক লেখেন, “জেলাগুলোতে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দিনাজপুরে ইউএনও বরাবর চিঠি পাঠানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তবে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো চিঠি হাতে পাননি। একজন ইউএনও বলেন, “আমরা ফেসবুকে বিষয়টি দেখেছি। যদি অফিসিয়ালি চিঠি আসে, যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়ভাবে প্রতিবাদও শুরু হয়েছে। খানসামা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আজিজার রহমান বলেন,“ওয়ারিয়রস অব জুলাই’র নামে কিছু ব্যক্তি ডিজিটাল চাঁদাবাজিতে নেমেছে। এরা আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির বলেন, “আহতদের জন্য সরকারিভাবে সহায়তা দেওয়া হয়। কোনো সংগঠনের প্যাডে সরকারের কাছে অনুদান চাওয়া অনৈতিক। যারা এটি করেছে, তাদের আমরা সমর্থন করি না।”

চিঠি সত্যি হয়ে থাকলে এটি সংগঠনভিত্তিক দায়সারা সহযোগিতা নাকি প্রতারণার চেষ্টা, সে বিষয়ে এখন চলছে অনুসন্ধান। কেন্দ্রীয় কমিটির তদন্তের ফলাফল ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত