দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামাণিকপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল জলিল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা করা হয়।ওসি আরও জানান, “মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। এটি হত্যাকাণ্ড কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আব্দুল জলিলকে বাড়িতে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত কার্যক্রম তদারকি করেছেন।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।