দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত ০৭/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় উল্লিখিত স্থানে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-২১১৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় রাস্তার পাশে থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) কে চাপা দিলে তিনি গুরুতর জখম হন। এতে তার ডান হাত দুমড়ে-মুচড়ে যায় এবং বুকে ও ডান হাঁটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজন বীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। তবে তার কোনো ওয়ারিশ বা অভিভাবক পাওয়া যায়নি। যদি তার কোনো ওয়ারিশ থেকে থাকে তবে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
–
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি