বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক্রটি উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসায় ফোন করে ল্যাপটপ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে৷
বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা প্রশাসন ফেইসবুক পেইজ থেকে একটি প্রচার করা এক বার্তায় এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুপুরে প্রচার করা সেই বার্তায় বলা হয়েছে,’তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধীরা প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। এখন এআই ব্যবহার করে খুব সহজেই অন্যজনের কন্ঠের অবিকল নকল করে মানুষ ঠকানো হচ্ছে । উদাহরণস্বরুপ, আজ ল্যাপটপ দেওয়ার নাম করে বিভিন্ন স্কুলে মাদ্রাসায় ইউএনও মহোদয়ের পরিচয়ে একদল প্রতারক প্রতারণার চেষ্টা করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্ধারিত সরকারি মোবাইল নাম্বার ও একটি ফেইসবুক আইডি ছাড়া অন্য কোন নাম্বার বা পেইজ নেই। তাই এসব নির্ধারিত নাম্বার ও আইডি ছাড়া ভিন্ন কোন নাম্বার থেকে কল,আইডি থেকে মেসেজ গেলে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে সেই পোস্টে তিনি বলেন,’আমি তানভীর আহমেদ , উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর; ঘোষণা করছি ০১৭৬১৪৯৩৫২৮ ব্যতিত আমার অন্য কোন সরকারী নন্বর নেই এবং এই আইডি ব্যতিত অন্য কোন অফিসিয়াল ফেসবুক আইডি নেই। সুতরাং কোন ব্যক্তি আমার পরিচয়ে ফোন দিলে কেটে দিয়ে উপরে প্রদত্ত নম্বরে ফোন দিয়ে জানাবেন। আপনার সচেতনতাই পারে এসকল প্রতারকদের রুখে দিতে। অতি অল্প সময়ের জন্য এই নম্বরগুলো এক্টিভ হয়, যে কারণে এদের ধরা অত্যন্ত কঠিন।’
প্রতারকদের ধরতে থানা পুলিশ কাজ করছে বলে বীরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে।
-নিজস্ব প্রতিবেদক